জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার কারণে সকাল থেকেই হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। এছাড়া অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ পুরো ক্যাম্পাস ঘিরে রেখেছে। অন্যদিকে হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে বেলা ১১টার দিকে বিক্ষোভের ডাক দিয়েছে শাখা ছাত্রলীগ।

শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, ‘হল ভ্যাকেন্ড বাতিল, ভিসির বাড়িতে হামলার প্রতিবাদ, ও নিরাপদ সড়কের ৫ দফা দাবিতে এ বিক্ষোভের ডাক দেয়া হয়েছে।’

এর আগে শনিবার দিবাগত রাতে জরুরি এক সিন্ডিকেট সভায় আজ সকাল ১০টার মধ্যেই হল ত্যাগের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে সকাল থেকেই বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল ত্যাগ করছেন।

হলগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকেই শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হল ত্যাগ করছেন। শনিবার পুলিশি হামলার পর সার্বিক পরিস্থিতে আতঙ্কিত হয়ে পড়ছে শিক্ষার্থীরা। যার ফলে সাধারণ শিক্ষার্থীরা ভয়েই হল ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছেন তারা। প্রথম রোজাতেই এমন হয়রানির শিকার হওয়ায় অনেক শিক্ষার্থীই ক্ষোভ প্রকাশ করেছেন।

এমই