ছাত্রীকে উত্যক্ত করার অজুহাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে এ মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার হেদায়েত উল্লাহ আল মামুন ফারসী বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

এদিকে বহিস্কার আদেশ প্রত্যাহারের এক মাস যেতে না যেতেই সাধারণ শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাকিম বিল্লাহ।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, রাবি শাখা ছাত্রলীগের বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়া ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাকিম বিল্লাহ, ছাত্রলীগকর্মী রুবেল, হীরকসহ বেশকয়েজন হেদায়েতকে শহীদুল্লাহ কলাভবনের সামনে ডেকে নিয়ে আসে। পরে ইতিহাস বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর উত্যক্তের অভিযোগ এনে তাকে মারধর করে।

জানতে চাইলে হেদায়েত উল্লাহ আল মামুন বলেন, এক ছোট ভাইয়ের কাছ থেকে ওই মেয়ের নাম্বার নিয়ে যোগাযোগের চেষ্টা করেছিলাম।

এ ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে ছাত্রলীগ নেতারা মারধর করার কথা স্বীকার করলেও পরে মীমাংসা হয়ে গেছে বলে জানান।

তবে এ ব্যাপারে অভিযুক্ত মুস্তাকীম বিল্লাহসহ অন্যদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে, তাদেরকে পাওয়া যায়নি।

মারধরের ঘটনা জানেন না উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. তারিকুল হাসান বলেন, এখনও কোনো অভিযোগ আসে নি। আমাদের কাছে অভিযোগ আসলে যেই হোক তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এসএইচ