রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে বিভাগের সভাপতির দায়িত্ব নিয়েছেন।

বিভাগের সকল শিক্ষকের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। পরে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ড. প্রদীপ কুমার পান্ডে বাংলাদেশ, ভারত, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহুদেশে আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন।

ব্রিটিশ সরকারের বৃত্তি নিয়ে ইংল্যান্ডের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম স্টাডিজ বিষয়ে ২০১০ সালে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। দুইটি বইসহ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর ২০টিরও বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট, সেড, সিডিএমপিসহ বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সাথে গণমাধ্যম, সাংবাদিকতা, যোগাযোগ, তথ্য অধিকার আইন বিষয়ে গবেষক, পরামর্শক ও প্রশিক্ষক হিসেবে তিনি কাজ করেছেন।

তিনি বিভাগের অ্যালামনাই অ্যাসিয়েশনের আহবায়ক, দৈনিক বার্তার বোর্ড অব ট্রাস্টিজের অনারারী সদস্য এবং একটি উন্নয়ন সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এমকে