রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে দুই ঘণ্টাব্যাপী মানসিক নির্যাতন চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ২১৭ নম্বর কক্ষে এবং ২২২ নম্বর কক্ষে নিয়ে দ্বিতীয় দফা নির্যাতন চালায় তারা। ঘটনার ভুক্তভোগী সাদিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
সূত্রে জানা যায়, কয়েক দিন আগে সাদিকুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২১৫ নম্বর কক্ষে আবাসিকতা নিয়ে অবস্থান করছিলেন। শিবির সন্দেহে সোমবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি তন্ময় আনন্দ অভি হলের গেট থেকে ২১৭ নম্বর কক্ষে নিয়ে যায়। এ সময় সহসভাপতি রানা চৌধুরী, তন্ময় আনন্দ অভি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশসহ বেশ কয়েকজন নেতা-কর্মী তাকে ঘণ্টাব্যাপী ওই কক্ষেই মানসিক নির্যাতন করে। সেখান থেকে কিছুক্ষণের জন্য তাকে ছেড়ে দিয়ে আবারো হলের ২২২ নং কক্ষে নিয়ে যায়। সেখানে আবারো তারা ঘণ্টাব্যাপী মানসিক নির্যাতন চালায়।
তবে ছাত্রলীগের দাবি, সে শিবিরের সঙ্গে যোগাযোগ করে হলে উঠেছে। সে শিবিরের কয়েকজন নেতার নামও স্বীকার করেছে। এ সম্পর্কে তার কাছে জানার জন্য তাকে রুমে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে কোনো নির্যাতন করা হয়নি। তবে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর দাবি, তার সঙ্গে শিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই।
ছাত্রলীগের অন্য একটি সূত্রে জানা গেছে, হলের যে সিটে ওই শিক্ষার্থী উঠেছে সেই সিটে টাকার বিনিময়ে আরেক শিক্ষার্থীকে উঠাতে চেয়েছিল ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান পলাশ। এখন তাকে কিভাবে হল থেকে তাড়ানো যায় এ জন্যই তার ওপর শিবির তকমা লাগিয়ে জেরা করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এসএম জাহিদ হোসেন বলেন, শিবিরের সঙ্গে ওই শিক্ষার্থীর সংশ্লিষ্টতা থাকতে পারে। পুনরায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তাকে হল ছেড়ে চলে যেতে বলা হয়েছে।
কেএইচ





