পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে নগ্ন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় টুকিটাকি চত্বর থেকে মিছিলটি শুরু করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুর্বের স্থানে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক যায়িফ অয়নের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সোহরাব হোসেন, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুজন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি, ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে কিছু উছৃঙ্খল ব্যক্তি যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেখানে এমন পরিস্থিতিতে পুলিশ বাহিনীরা কিভাবে নিষ্ক্রীয় ভুমিকা পালন করেছে তা নিয়ে জনমহলে প্রশ্ন থেকেই যায়।

বক্তারা বলেন, এ ঘটনায় নামে মাত্র পাঁচজনকে আটক করার পরে আবার তাদেরকে ছেড়ে দিয়েছে প্রশাসন। বর্তমানে প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু এসব অপরাধের সাথে যারা জড়িত থাকে তাদের শাস্তির দাবি জানালে এর বিরুদ্ধে পুলিশ বাহিনীর সদস্যরা নিরীহ ছাত্রদের উপর দমন-নিপীড়ন চালাচ্ছে।

তারা বলেন, তাই এ সমাবেশ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্থি দেয়া হোক।

এমকে