পূর্ব শত্রুতার জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগ কর্মী। শুক্রবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত পরাগ সাকলাইনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

পরাগ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও পথ শিশুদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইচ্ছে’র কর্মী । মারধরকারী শরিফুল ইসলাম পিয়াসও একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের পিছনে পরাগকে ডেকে নেয় তার বন্ধু পিয়াস। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে সে পরাগকে বেধড়ক মারপিট শুরু করে।

এতে পরাগের শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়। পরে রাকসু ভবনে থাকা সাংস্কৃতিক কর্মীরা রক্তাক্ত অবস্থায় পরাগকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়। রাত ৯টার দিকে পরাগের জ্ঞান ফেরে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এ বিষয়ে শরিফুল ইসলাম পিয়াস বলেন, ‘পরাগ আমার বাসায় আমার নামে উল্টা-পাল্টা বিভিন্ন মিথ্যা কথা বলেছে। এ বিষয় নিয়ে কথা বলার একপর্যায়ে মারধর করি। এসময় পরাগও তাকে মারধর করে বলে অভিযোগ পিয়াসের।’

এ ব্যাপারে পরাগের বান্ধবী বলেন, ‘ছোট একটি ঘটনা নিয়ে পিয়াস কয়েকদিন ধরে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আসছিলো। এ ব্যাপারে তাকে নিষেধ করতে গেলে সে পরাগকে অতর্কিত মারধর শুরু করে। পরাগের অবস্থা এখন আশংকাজনক। আগামীকাল এ ব্যাপারে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ‘ঘটনা শুনেছি। এব্যাপারে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এআর