১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কালো পতাকা মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয় এ মিছিল। ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।
সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, আগস্ট মাস জাতির জন্য শোকের মাস। এ মাসে জাতির জনককে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে দেশদ্রোহীরা। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হয় এ মাসেই। আবার এ মাসের এ দিনেই ২০০৪ সালে বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ মদদে জঙ্গিগোষ্ঠী সারা দেশে সিরিজ বোমা হামালা চালায়।
তিনি আরও বলেন, দেশের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের এ ষড়যন্ত্র আজকের নয়। তারা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্নভাবে পাঁয়তারা করছে। তাদের এমন চক্রান্ত কোনোদিনই সফল হবে না।
বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্রের দিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান সাইফুর রহমান সোহাগ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, ঢাবি শাখার সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ সংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন নেতা-কর্মী।
প্রসঙ্গত, ২০০৪ সালের ১৭ আগস্টে দেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা চালানো হয়।
কেএইচ





