রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাতের (২৭) অকাল মৃত্যুতে শোক র্যালি করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শোক র্যালিটি বিভাগের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের জায়গায় এসে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
বিভাগের শিক্ষক অধ্যাপক মোস্তাকের পরিচালনায় বিভাগের সভাপতি অধ্যাপক তানভীর আহমেদ সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি অধ্যাপক মশিউর রহমান ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাতিল সিরাজ (শুভ)।
এ সময় বক্তারা বলেন, আমরা সিফাতের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। তবে তার এই অকাল মৃত্যুর পেছনে কোনো কারণ আছে কিনা সে বিষয়ে আমরা নিশ্চিত নই।
পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর ব্যাপারে যে পদক্ষেপ নেয়া হবে তার সাথে আমাদের বিভাগের একাত্বতা প্রকাশ করা হবে এবং প্রশাসনিক দিক দিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বক্তারা। এ সময় বিভাগের কয়েকশ' শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার রাত ৯টা ১৫মিনিটে তার শ্বশুর বাড়ি থেকে মুমূর্ষু অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি রাজশাহীর মহিষবাথান এলাকার আইনজীবী মোহাম্মদ আলী রমজানের ছেলে অষ্ট্রেলিয়া ফেরত মোহাম্মদ আশিফ ওরফে পিসলিকে বিয়ে করেছিলেন। বিয়ের পর থেকে আইনজীবী রমজানের বাসায় থাকতেন তিনি। তার দেড় বছরে একটি ছেলে সন্তান রয়েছে। তার বাবার বাড়ি রংপুর সদরের ধাতপুকুর এলাকায়। তার মুত্যু পরিকল্পিত হত্যা বলে সন্দেহ করা হচ্ছে। ওয়াহিদা সিফাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০০৪-০৫ সেশনের শিক্ষার্থী ছিলেন।
কেএইচ





