রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ওয়াহিদা সিফাতের হত্যার সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

রোববার দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে তারা এই মানবন্ধনের আয়োজন করে।

যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো মেহেরুল সুজনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রফেসর তানভীর আহমদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাবি শাখার সভাপতি আলমগীর হোসেন সুজন, বিশ্ববিদ্যালয় ছাত্রফেডারেশনের সভাপতি ফারুক ইমন, বিশ্ববিদ্যালয় রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী রমজান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সিফাতকে হত্যা করা হলো এটা আমাদের কাছে অবাক করার বিষয় তার চেয়ে বেশি বিস্ময়ের ব্যাপার হলো তার হত্যাকারিরা আমাদের চোখের সামনে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে অথচ এই ব্যাপারে পুলিশ প্রশাসন কোনো ব্যাবস্থা গ্রহন করছে না।

বক্তারা বলেন, যতদিন পর্যন্ত এ হত্যার সুষ্ঠ তদন্ত করে বিচার করা হবে না ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা পুলিশ প্রশাসনের নিকট আবারো আহ্বান জানাচ্ছি তারা যেন সুষ্ঠু তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনে।

মানববন্ধন শেষে এক প্রতিবাদি পদযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাদের বিভাগের সামনে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, গত ২৯ মার্চ রাজশাহীর মহিষবাথান এলাকায় শশুর বাড়িতে রহস্যজনক ভাবে মারা যায় সিফাত। তার শশুর বাড়ির লোকজন এই হত্যাকে আত্মহত্যা বলে দাবি করলেও সিফাতের বাবা মায়ের দাবি তাকে হত্যা করেছে তার শশুরবাড়ির লোকজন।

এমকে