রাজধানীর অন্যান্য জায়গার মতো শনির আখড়ায়ও আজ (০১আগস্ট) আন্দোলনে নামে শিক্ষার্থীরা। তারা বিভিন্ন বাস আটকে চালকদের লাইসেন্স দেখছিল। যেসব চালকের লাইসেন্স নেই তাদের গাড়ি সাইড করে রাখতে বলছিল।

এসময় রাস্তা ফাঁকা পেয়ে উল্টোপথ দিয়ে একটি ট্রাক দ্রুত গতিতে চলে আসে। শিক্ষার্থীরা সেটিকে আটকানোর চেষ্টা করে। ট্রাক চালক গাড়ি না থামিয়ে গতি আরও বাড়িয়ে দেয় এবং এক শিক্ষার্থীকে চাপা দিয়ে চলে যায়। পুলিশের যাত্রাবাড়ী জোনের এসি ইফতেখায়রুল ইসলাম এই কথা জানিয়েছেন। 

আজ (বুধবার) সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। 

পুলিশ জানিয়েছে, যাত্রাবাড়ী শনির আখরায় শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে রাস্তা ফাঁকা পেয়ে উল্টোপথে একটি ট্রাক দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করছিল। এসময় এক আন্দোলনকারী শিক্ষার্থীকে ট্রাকটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ওই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু কোন হাসপাতালে নেওয়া হয়েছে এটা এখনও জানা যায়নি। 

পুলিশের যাত্রাবাড়ী জোনের এসি ইফতেখায়রুল ইসলাম বলেন,  আমরা এরকম একটি ঘটনা শুনেছি। ট্রাকের নম্বরটি সংগ্রহ করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

শনিরআখড়ার ডিউটি অফিসার নাজনীন আকতার বলেন, আমার এমন একটি ঘটনা শুনেছি। তবে ছেলেটিকে কোনও হাসপাতালে নেওয়া হয়েছে তা জানা নেই। পিকআপ চাপা দেওয়ার ঘটনার ভিডিওটি ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে। এরই মধ্যে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।  

এমবি