প্রশ্ন‘ফাঁস হওয়া’য় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে অনশনরত আইন বিভাগের শিক্ষার্থী আখতার হোসেন অসুস্থ হয়ে পড়েন। 

আজ (১৮ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে আখতারকে দেখতে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী। এসময় প্রক্টরের সামনেই অসুস্থ হয়ে পড়েলে আখতারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।  

তাঁর সঙ্গে আছেন আইন অনুষদের ডিন অধ্যাপক রহমত উল্লাহ, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

এদিকে ‘ফাঁস হওয়া’প্রশ্নে নেওয়া ওই পরীক্ষার ফলাফল বাতিল এবং ফের পরীক্ষা নেওয়াসহ চার দফা দাবিতে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে কয়েকশ শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।

একদল শিক্ষার্থী উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ায় কার্যালয়ে মূল ফটকে তালা ঝুলিয়ে রেখেছে কর্তৃপক্ষ।

তাদের ৪ দফা দাবি হলো-‘ঘ’ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল, পুনরায় পরীক্ষা নেওয়া, প্রশ্নফাঁসে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা, বিগত বছরগুলোতে ‘জালিয়াতির আশ্রয় নিয়ে’ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা।  

‘ঘ’ ইউনিটে পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁসের ঘটনায় পরীক্ষা বাতিলের দাবিতে গত মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুর ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন শুরু করেন আখতার হোসেন। তিনি বিশ্ববিদ্যোলয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

আজ দুপুর পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রলীগের নেতাসহ রাজু ভাস্কর্যের সামনে আসেন প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী। এই সময় তিনি আখতারকে বোঝাতে থাকেন। আখতার পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিষয়ে প্রক্টরের কাছে জানতে চান। এ সময় তিনি হাত-পা ছুড়তে থাকলে সবাই তাঁকে ধরে রিকশায় তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যান। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, আমরা গিয়েছিলাম। প্রশ্ন ফাঁসের বিষয়টি আমরা পর্যালোচনা করছি বলে আখতার হোসেনকে বুঝিয়েছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশের বাইরে আছেন। সেই সময় পর্যন্ত তাঁকে অপেক্ষা করতে বলেছি। আখতার অসুস্থ বোধ করছিলেন বলে আমরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেছি। তিনি এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। 

এমবি