কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রেমিক জুটির ওপর চড়াও হয়ে প্রেমিককে ব্যাপক মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের শহীদ মিনার চত্ত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আইন ও মুসলিম বিধান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্রী আফরিন শোভা তার বহিরাগত কয়েকজন বন্ধুর সঙ্গে শহীদ মিনারে বসে গল্প করছিল। এসময় ছাত্রলীগের ১০/১২ জন নেতাকর্মী প্রেমিক জুটি সন্দেহে তাদের উপর চড়াও হয়।
ছাত্রলীগ কর্মীরা প্রথমে শোভাসহ তার বন্ধুদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় শোভার এক বন্ধু ছাত্রলীগের আচরণের প্রতিবাদ করলে তাকে কিল-ঘুষি মেরে ও ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহত করে।
নামপ্রকাশ না করার শর্তে ছাত্রলীগের এক কর্মী জানান, ইবি শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ এক নেতার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই নেতার পক্ষের কর্মীরা শোভা ও তার বন্ধুদের উপর চড়াও হয়েছেন বলে জানা গেছে।
এবিষয়ে শোভা ও তার বন্ধুরা সাংবাদিকদের জানান,  ‘আমি ও আমার কয়েকজন বন্ধু এক সঙ্গে বসে গল্প করছিলাম। এসময় হঠাৎ করেই ছাত্রলীগের কিছু কর্মী এসে আমাদের উপর চড়াও হয়। কি কারণে তারা আমাদের সঙ্গে এমনটি করলেন তা বুঝতে পারলাম না।’
ইবি শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামিম হোসেন খান বলেন-‘শোভা ও তার বন্ধুদের মধ্যে একটু সমস্যা হয়েছিল। আমরা গিয়ে সমাধান করে দিয়েছি।’
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]