ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে প্রতিবাদ সমাবেশ। ছাত্রলীগের ব্যানারে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ চলছে।

এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় সাধারণ শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করেছেন।

বেলা ১১টা থেকে শুরু হওয়া ছাত্রলীগের সমাবেশে এক হাজারের বেশি শিক্ষার্থী যোগ দিয়েছেন। সমাবেশ থেকে অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি উঠেছে।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজধানীর শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা সড়ক অবরোধ করলে ওই সড়ক দিয়ে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছে। পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত রয়েছেন।

কর্মসূচি থেকে ঢাবি ছাত্রীকে ধর্ষণে জড়িত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এসময় তারা স্লোগান দেন, ‘ধর্ষকদের ঠিকানা, বাংলাদেশে হবে না’ ইত্যাদি।

ঢাবি ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর ক্ষোভে ফুঁসছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রাতেই দোষীদের শাস্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আজও দিনব্যাপী নানা কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, রবিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাবির নিজস্ব বাসে রওনা দেন তিনি। সন্ধ্যা ৭টার দিকে তিনি কুর্মিটোলা বাসস্ট্যান্ডে বাস থেকে নামেন। এরপর একজন অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে ধরে সড়কের পেছনে নির্জন স্থানে নিয়ে যায়। ধর্ষণের পাশাপাশি তাকে নির্যাতনও করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষতচিহ্ন পাওয়া গেছে। রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢামেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা। এ ঘটনায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রীর বাবা।

এএস