কবি সুফিয়া কামাল হল থেকে ‘মধ্যরাতে’ছাত্রীদের বের করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)  বিক্ষোভ মিছিল করছে কোটা সংস্কার আন্দোলনের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

ছাত্রলীগের হুমকি উপক্ষা করে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ (শুক্রবার) বিকাল পৌনে ৫টায় রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে ফের সেখানে জড়ো হয়।  

এসময় শিক্ষার্থীরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, হলে হলে নির্যাতন বন্ধ কর করতে হবে, আমার বোন বাইরে কেন প্রশাসন জবাব চাই, হলে হলে নির্যাতন কেন প্রশানের জবাব চাই, নির্যাতন করে আন্দোলন বন্ধ করা যাবে না’ বলে স্লোগান দিচ্ছে। বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও নুরুল হক নূর। 

এর আগে শিক্ষার্থীদের কর্মসূচিস্থলে বিকাল সাড়ে ৩টা থেকে ‘আড্ডা’কর্মসূচি ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান। 

ঘোষণা অনুযায়ী ছাত্রলীগ নেতাকর্মীরা কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় অবস্থান নেন। তাদের কয়েকজন রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে সেলফি তোলেন। একাংশ সড়কের পাশে যাত্রী ছাউনিতে আড্ডা দেন।

অবশ্য আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করলে ছাত্রলীগ নেতাকর্মীরা সেখান থেকে সরে যান। পরে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল বের করেন।

কোটা সংস্কার আন্দোলন করায় বৃহস্পতিবার (১৯ এপ্রিল) গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল থেকে ছাত্রীদের বের করে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় ছাত্র অধিকার পরিষদ। বিকাল ৪টায় সারাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজে এই কর্মসূচি পালনের কথা রয়েছে।

এমবি