বাণিজ্যিক ধারার সিনেমায় বেশ গ্ল্যামারাসভাবেই শুটিংয়ে অংশ নিচ্ছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। চরিত্রের প্রয়োজনে নাচ-মারামারির দৃশ্যেও অভিনয় করেছেন তিশা।

এবার নাটকের প্রয়োজনে হিজাব পরিহিতা এক অন্য তিশাকে দেখা গেল। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে ভিন্নধর্মী এক গল্পের নাটকে অভিনয় করেছেন তিশা।

সুমন আনোয়ার পরিচালিত নাটকটির নাম ‘ভাষা ও মা’। সত্যেন সেনের গল্প অবলম্বনে নাটকটি নির্মাণ করা হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি নাটকটি বাংলাভিশনে প্রচার হবে। তিশা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন, শিল্পী সরকার অপু, শাজাহান, কিসলু, এজাজ বারী ও যারা যরিফ।এ তথ্য জানান নির্মাতা সুমন আনোয়ার।

‘ভাষা ও মা’ প্রসঙ্গে সুমন আনোয়ার বলেন, নাটকটির প্রথম দিকে দেখা যাবে কিশোরী বয়সে সনাতনী মুসলিম পরিবারে বিয়ে হয় তিশার। সেখানে গিয়ে তাকে উর্দুতে কথা বলতে হয়। এ নিয়ে একধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হয়। এভাবেই এগিয়ে যায় নাটকটির গল্প। তিশা নাটকটিতে অভিনয় করেছেন ফাল্গুনীর মা নামের একটি চরিত্রে।

নির্মাতা সুমন আনোয়ার জানান, ‘১৯৫২ সালের ভাষা আন্দোলনেরও কয়েক বছর আগে একটি পরিবারের গল্প এই নাটকের মূল উপজীব্য। ভাষা আন্দোলনেরও আগে আমাদের পরিবারগুলোতে বাংলা ও উর্দু নিয়ে একধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হয়েছিল। এটাই দেখানো হয়েছে।’

নাটকটিতে হিজাব পরিহিত এক অন্য লুকে দেখা যাবে তিশাকে। এ প্রসঙ্গে সুমন আনোয়ার জানান, নাটকের গল্পের প্রেক্ষাপট কয়েক দশক আগের। তাই হিজাব, পাঞ্জাবি, পাগড়ি প্রভৃতি অনুষঙ্গ এসেছে প্রাসঙ্গিক হয়ে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে নির্মিত নাটকটিতে বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

এমএম