সরকারি-বেসরকারি বিভিন্ন লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে প্রতারণা করতে গিয়ে ফেঁসে গেলেন সংগীতশিল্পী ও আয়মান প্রোডাকশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাল ফারদিন (৩২)।
শুক্রবার রাত ৯টার দিকে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
তিনি ঢাকার নিউ মার্কেট থানার হাজারীবাগ ১৩/২ এলাকার মৃত মনোয়ার হোসেনের ছেলে এবং জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) ঢাকা মহানগর দক্ষিণ শাখার সমন্বয়ক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, প্রতারক মাসুম বিল্লাল ফারদিন সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক আবুল বাশার, আবু রওশন, সদর থানার উপ-পরিদর্শক মানিকুল ইসলাম, বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক, ঢাকার বনানী এলাকার এ, জে প্রোপার্টিসের মালিকসহ শতাধিক লোকজনের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
প্রতারণার শিকার লোকজন লিখিত ও মৌখিকভাবে অভিযোগ করায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৪টি পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
তাতে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন সংগঠন, ঢাকার জিগাতলা শাখার ভাইস প্রেসিডেন্ট, দৈনিক দেশকাল পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক গণজাগরণ পত্রিকার কালচারাল রিপোর্টার হিসাবে পরিচয় উল্লেখ রয়েছে। সিরাজগঞ্জ শহরের মাছিমপুর কারিগড়পাড়ার মৃত খোরশেদ আলমের মেয়েকে বিয়ে করার কারণে ঢাকার পাশাপাশি সিরাজগঞ্জেও বসবাস করে থাকেন।
ওসি আরো বলেন, রাতে তাকে থানা হেফাজতে রেখে আগামীকাল তাকে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হবে।
এমএম





