ভারতীয় টিভি কালারস চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘বালিকা বধূ’র অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন । মুম্বাই পুলিশের বরাতে বেশকিছু ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়,
শুক্রবার বানিজ্য নগরীর কোকিলাবেন আম্বানি হাসপাতালে তার মৃত্যু হয়। নিজের বাড়িতেই সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় প্রত্যুষাকে উদ্ধার করা হয়।
এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা যায়নি। হাসপাতালের রিপোর্টের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন মুম্বাই পুলিশের মুখপাত্র ধনঞ্জয় কুলকার্নি।
১৭ বছর বয়স থেকে ‘বালিকা বধূ’ সিরিয়ালে আনন্দী চরিত্রে অভিনয় করে উপমহাদেশে তুমুল জনপ্রিয়তা পান প্রত্যুষা। তার আত্মহত্যায় ভারতের টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গন স্তব্ধ হয়ে পড়েছে।
টুইটারে তারা শোক প্রকাশ করেছেন। নির্মাতা করণ জোহর বলেন, খুব বেদনাদায়ক ঘটনা। হতাশা যাদের কাছে চিকিৎসার মতো মনে হয় না সেসব পরিবার ও বন্ধুদের জেগে ওঠার সময় হয়েছে। ‘বালিকা বধু’ ছাড়াও সেলিব্রিটি ড্যান্স শো ‘ঝালাক দিখলা জা’, রিয়েলিটি শো ‘বিগ বস’- এ অংশ নেন প্রত্যুষা।
এরপর সনি টিভির ‘হাম হ্যায় না’ সিরিয়ালে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। সবশেষ কালার্স টিভির ‘সাসুরাল সিমার কা’ সিরিয়ালে প্রত্যুষাকে দেখা যায়।
এমই





