ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা গৌতম ঘোষের ছবি ‘শঙ্খচিল’ একযোগে বাংলাদেশ ও ভারতে মুক্তি পাচ্ছে আগামী পহেলা বৈশাখে।

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও বাংলাদেশের কুসুম শিকদারসহ অনেকে।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে এক সম্মেলন করে চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়।

লালন সাঁইয়ের জীবনী অবলম্বনে নির্মিত ‘মনের মানুষ’ চলচ্চিত্রের অভাবনীয় সাফল্যের পর প্রায় পাঁচ বছর বিরতি দিয়ে গৌতম ঘোষ ‘শঙ্খচিল’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। ‘শঙ্খচিল’ সর্বনন্দিত এই পরিচালকের ১৪তম কাহিনীচিত্র।

এই ছবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি গান ব্যবহার করা হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত নজরুলসঙ্গীত শিল্পী ফেরদৌস আরা।

সংবাদ সম্মেলনে গৌতম ঘোষ বলেন, ‘পাঁচ বছর আগে প্রসেনজিৎকে নিয়ে তৈরি করেছিলাম মনের মানুষ। এর আগে পদ্মা নদী মাঝি চলচ্চিত্রটি তৈরি করেছি। দুই দেশ থেকেই দারুণ সাড়া পেয়েছিলাম চলচ্চিত্র দুইটি মুক্তি পাওয়ার পর। এবার বানিয়েছি শঙ্খচিল। প্রত্যাশা এবারও অনেক বেশি।’

চলচ্চিত্রটির নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত শঙ্খচিলের চিত্রায়ন হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার টাকিতে। এটি কোনো দেশভাগের গল্প নয়, দেশভাগের স্মৃতি নিয়ে আবর্তিত হয়েছে চলচ্চিত্রের কাহিনী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের এক স্কুল শিক্ষকের পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে শঙ্খচিল ছবির কাহিনী, যেখানে ধীরে ধীরে দেশভাগ ও দুই বাংলার মানুষের জীবনের ওপর এর প্রভাবকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। চলচ্চিত্রটির পটভূমি, চিত্রায়ন থেকে শুরু করে প্রযোজনা পর্যন্ত সবকিছুই হয়েছে দুই বাংলা ও তার মানুষের যৌথ প্রয়াসে।

চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্রের কর্ণধার হাবিবুর রহমান খান, ইমপ্রেস টেলিফিল্মস লিমিটেডের ফরিদুর রেজা সাগর এবং ভারতের এন আইডিয়াজ থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও মৌ রায় চৌধুরী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্রের কর্ণধার হাবিবুর রহমান খান, ইমপ্রেস টেলিফিল্মস লিমিটেডের ফরিদুর রেজা সাগর, চলচ্চিত্রটির নির্মাতা গৌতম ঘোষ ও বাংলাদেশের প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব মামনুর রশীদ প্রমুখ।

এআই