শুরু থেকেই ওমর সানী বলে এসেছেন জায়েদের বিরুদ্ধে অভিযোগের সব প্রমাণ তার কাছে তো বটেই, তার ছেলের কাছেও রয়েছে। এতো ঘটনার পর এবার গণমাধ্যমে কথা বলেছেন সানী-মৌসুমী দম্পতির একমাত্র পুত্র ফারদিন।
সোমবার (১৩ জুন) গণমাধ্যমকে ফারদিন বলেছেন, ‘শুধু আমার আম্মু না, তিনি (জায়েদ খান) কমবেশি সবাইকে হ্যারাস করে থাকেন। তিনি আমার আব্বুর সঙ্গেও বেয়াদবি করেছেন, আম্মুর সঙ্গেও করেছেন। কিন্তু আম্মু ভেবেছেন, বিষয়টা সিভিল ম্যাটার, এটা ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ থাকুক। আমরা নিজেরাই সলভ করবো।’
এ দিকে আজ এক অডিও বার্তায় মৌসুমী জায়েদ খানকে ‘ভালো ছেলে’ উল্লেখ করে ওমর সানীকেই দুষেছেন। বিষয়টি উল্লেখ করে ফারদিন বলেন, ‘আম্মু নাকি বলেছেন, মিথ্যাচারে জড়াচ্ছেন ওমর সানি।
এটা আসলে ঠিক না।… পরিস্থিতি ঠাণ্ডা করার জন্যই বলেছেন। আম্মু আমার সাথে কথাও বলেছেন। উনিও চান নাই পত্রিকায়-টিভিতে এসব নিয়ে আলোচনা বা সংবাদ প্রকাশ হোক।’
জায়েদ খান ব্যবসার ক্ষতি করার চেষ্টা করেছেন উল্লেখ করে ফারদিন আরও বলেন, ‘এখন প্রমাণ সবার সামনে হাজির করবো না। পাবলিকলি সব বলবোও না। তবে উনাকে এত গুরুত্ব দিচ্ছি না।’
‘জায়েদ খান আর রাস্তার ব্যাঙ এক কথা’ বলেন তারকা দম্পতির এই সন্তান।
প্রসঙ্গত, গত শুক্রবার (১০ জুন) রাতে অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলার সময় জায়েদকে চড় মারেন সানি। এই সময় ক্ষেপে গিয়ে পিস্তল বের করে সানিকে গুলি করার হুমকি দেন জায়েদ।
এদিকে রোববার (১২ জুন) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে ওমর সানী লিখেছেন, ‘আমি ততক্ষণ নীরব থাকি, যতক্ষণ না পর্যন্ত আমার আত্মসম্মানে আঘাত না লাগে।’
এইচএন





