নামের সঙ্গে বিশ্বাস জুড়ে থাকায় ব্যক্তি জীবনেও নিজের ওপর প্রচণ্ড বিশ্বাসী ঢালিউড ইন্ডাস্ট্রির বর্তমানের নাম্বার ওয়ান নায়িকা অপু বিশ্বাস। সেই বিশ্বাসের ওপর ভর করেই ইন্ডাস্ট্রির এই খরা সময়েও একের পর এক সফল ছবি উপহার দিয়ে যাচ্ছেন তিনি।
ঢালিউডের কিং খান শাকিবের সঙ্গে জুটি বেঁধে রাজত্ব করে যাচ্ছেন বাংলা ছবির বর্ণিল জগতে। তবে ঢালিউডের এক নম্বর নায়িকার তকমা তার নামের সঙ্গে এমনি এমনি লাগেনি।
সে জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এ নায়িকাকে। দীর্ঘ পরিশ্রমের সঙ্গে ক্যারিয়ারের একযুগ পার করার পর সাফল্য ধরা দিয়েছে তার ঝুলিতে।
ইন্ডাস্ট্রিতে হুট করে তারকা হওয়ার পক্ষে নন এ অভিনেত্রী। কখনও হুট করে এসে আবার চটজলদি ঝরে পড়াদের দলে নাম লিখাতে চাননি সময়ের ব্যস্ত নায়িকা অপু বিশ্বাস।
তাই মাঝে যখন সামান্য মুটিয়ে যেতে দেখা গিয়েছিল তাকে, তখনই হঠাৎ চলচ্চিত্রের ব্যস্ততা কমিয়ে নিজের ফিটনেসের দিকে মনোযোগ দিয়েছিলেন। ফলাফল ছয় মাসের মধ্যেই শরীরের দশ কেজি ওজন লস!
শরীরের বাড়তি ওজন ফেলে ফিরে এসেই আবার বাজিমাত করেন এ নায়িকা। বলা হয়ে থাকে বাংলাদেশের সিনেমা শিল্পের সবচেয়ে খরার বছর গেছে ২০১৫ সাল। এই খরার বছরেও কাজ নিয়ে বেশ সন্তুষ্টই ছিলেন অপু।
গত বছর মাত্র তিনটি ছবি মুক্তি পেয়েছে তার। এ তিন সংখ্যা নিয়েই বেশ ফুরফুরেই থেকেছেন গ্ল্যামার গার্ল অপু বিশ্বাস। এর পেছনে নির্দিষ্ট কারণও রয়েছে।
সিনেমার খরার এ সময়ে যেখানে বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠানের বিগ বাজেটের ছবিও ব্যবসায়িকভাবে মুখ থুবড়ে পড়েছে, সেখানে নায়িকা অপু বিশ্বাস অভিনীত তিনটি ছবির দুটি ছবিই ব্যবসায়িকভাবে সফল হয়েছে।
তাই পুরনো বছরের সাফল্য নিয়ে নতুন বছরে শরীরের তিন কেজি ওজন কমিয়ে ‘পাঙ্কু জামাই’ নামে শাকিব খানের সঙ্গে নতুন একটি ছবির শুটিং শেষ করলেন এ নায়িকা। মুক্তির অপেক্ষায় আছে ‘রাজা ৪২০’ নামের আরও একটি ছবি।
এ ছাড়াও ‘রাজনীতি’, ‘সম্রাট’, ‘মা’ এবং ‘মাই ডার্লিং’ ছবির শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এ তারকা। পাশাপাশি হাতে রয়েছে আরও তিনটি ছবির কাজ। যা শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লিখিত সব ছবিতেই ভিন্ন ভিন্ন লুকে দর্শকদের সামনে হাজির হবেন অপু।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৬ সালে আমার অভিনীত যে ক’টি ছবি মুক্তি পাবে তার সব ক’টিই ভিন্ন ভিন্ন লুকে এবং চরিত্রে আমাকে দেখতে পাবেন দর্শকরা।
এ ছাড়াও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘দর্শকদের ভালোবাসার কারণেই কাজ নিয়ে সামনে এগিয়ে যেতে পারছি। তাদের ভালোবাসার দাবিতেই নতুন উদ্যমে ভালো কাজের প্রতি অনুপ্রাণিত হচ্ছি। আশা করি আগামীতেও দর্শকদের সমর্থন পাব।’
নতুন বছরে ছবির সংখ্যা বাড়ানোর দিকে নজর না দিয়ে ভালো ছবিতে কাজের প্রতি বেশ সচেতন থাকবেন বলেও জানিয়েছেন এ তারকা।
উল্লেখ্য, অভিনয় শিল্পীর পাশাপাশি নতুন আরও একটি পরিচয় দাঁড়িয়েছে এ অভিনেত্রীর। ‘এপিবি লেডিস ফিটনেস ক্লাব নামে একটি শরীরচর্চা কেন্দ্রের কর্ণধারও তিনি। যদিও এটিকে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করতে নারাজ অপু বিশ্বাস।
শুধু নিজের প্রয়োজনের পাশাপাশি অন্য মেয়েদেরও শরীরচর্চার সেবা দিতেই প্রতিষ্ঠানটি তিনি দাঁড় করিয়েছেন বলে দাবি করেছেন। তবে নতুন বছরে ব্যবসা নয়, একজন অভিনেত্রী হিসেবে অভিনয় দিয়ে দর্শকদের বিশ্বাসের প্রতিনিধি হতে চাচ্ছেন অপু। আর তারকা সংকটের এ সময়ে ইন্ডাস্ট্রিতে নির্মাতারা যেন অপুতেই পান নির্ভরতা এবং অপুতেই যেন খুঁজে পান বিশ্বাস।
এমই





