সাধারণত স্পষ্টভাষী হিসেবে বলিউডে বেশ পরিচিত সোনম কাপুর। আবারও তার ঠোঁটকাটা চরিত্রের দেখা মিলল।
এবার একাধিকবার বর্ণ বিদ্বেষের শিকার হয়েছেন বলে অভিযোগ তুললেন হালের এই সেনসেশন। তার অভিযোগ, গায়ের রঙের কারণে তিনি বেশ কয়েকবার বিদেশে হেনস্থার শিকার হয়েছেন।
সোনম কাপুর। ছবি সংগৃহীত
এ প্রসঙ্গে সোনম কাপুর বলেন, আমি বেশ কয়েকবার বিভিন্ন দেশে বর্ণবিদ্বেষের শিকার হয়েছি। গায়ের রঙ বাদামি দেখলেই মানুষের আচরণ পাল্টে যায়।
গতকাল শুক্রবার একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনম কাপুর। সেখানেই তিনি এই অভিযোগ তুলেন।
অনিলকন্যা জানান, বাইরের চেহারা দেখে আমাদের সমাজে মানুষকে বিচার করার প্রবণতা বড্ড বেশি।
অসহিষ্ণুতার বিষয়ে সরাসরি কিছু না বললেও সোনমের মত, যদি আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে পারি; তাহলে অন্যদেরও ভারতে এসে কাজ করার অধিকার রয়েছে।
তিনি এও স্বীকার করেছেন, ভারতে এখনও অসহিষ্ণুতা রয়েছে। তবে তুলনামূলক কম। আজ থেকে ৬০ বছর আগেও এখানে অসহিষ্ণুতা ব্যাপক ছিল।
এমএ





