বর্তমানে বলিউড তারকাদের অনেকের মধ্যেই হলিউডের সিনেমায় যাওয়ার ঝোঁক রয়েছে। যুক্তরাষ্ট্রের টেলিভিশন সিরিজে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সাফল্য নিয়ে অনেকেরই গর্বের শেষ নেই। সেই সঙ্গে বলিউড কিং শাহরুখ খান কেন এখনো হলিউডে চান্স পেলেন না তা নিয়েও ভক্তদের আফসোসের শেষ নেই।
তবে যত দিন যাচ্ছে, বলিউডের সিনেমার ক্রমবর্ধমান জনপ্রিয়তার দরুন বিশ্বে ততই বেশি প্রশংসিত হচ্ছে ভারত। ভারতেও শুটিং করা হচ্ছে বিশ্বের সেরা সিনেমাটি ইন্ডাস্ট্রি হিসেবে খ্যাত হলিউডের সিনেমার শুটিং। জেনে নিন তেমনই কিছু হলিউড সিনেমা, যেগুলোর আংশিক বা সম্পূর্ণ শুটিং করা হয়েছে ভারতে।
ইট প্রে লাভ: রোমান্টিক ড্রামা ও কমেডি সিনেমাটি এটি। এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন জুলিয়া রবার্টস। দিল্লিতে এই সিনেমার আধ্যাত্মিক অংশের শুটিং হয়েছে।
মিশন ইম্পসিবেল-৪ গোস্ট প্রোটোকল: টম ক্রুজ অভিনীত মিশন ইম্পসিবল ৪ সিনেমার একটা বড় অংশ শুটিং হয়েছে মুম্বাইয়ের ব্যস্ততম রাস্তায়। এ সিনেমায় বলিউড অভিনেতা অনিল কাপুরকেও দেখা গেছে।
এ মাইটি হার্ট: মিশেল উইন্টারবটমের এই সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন হলিউডের সুপারস্টার অভিনেত্রী অ্যাঞ্জোলিনা জোলি। সিনেমাটির শুটিং হয়েছে মহারাষ্ট্রের পুণেতে।
দ্য হান্ড্রেড ফুট জার্নি: একই নামের উপন্যাসের অনুকরণেই তৈরি এই সিনেমাটি। এর প্রথম কয়েকটি দৃশ্য মুম্বাইয়ে শুটিং করা হয়েছে। এই সিনেমাটি একটি ভারতীয় পরিবারের কাহিনি নিয়ে। যেখানে এক সদস্য প্রতিভাবান শেফ এবং নিজের স্বপ্নপূরণের জন্য ইউরোপে গিয়ে থাকতে শুরু করে।
স্লামডগ মিলেনিয়ার: এই সিনেমার নাম শোনেনি এমন সংখ্যা কমই। কিউ অ্যান্ড এ উপন্যাসের অনুকরণে তৈরি এই সিনেমা। একাধিক পুরস্কারের পাশাপাশি সিনেমাটি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে। এই সিনেমার পুরো শুটিংই মুম্বাইয়ে হয়েছে।
লাইফ অব পাই: অ্যাংগ লি পরিচালিত এই সিনেমাটি একটি লাইফবোটে এক বাঘের সঙ্গে একটি ছেলের সংঘর্ষ করে বেঁচে থাকা নিয়ে। মুম্বাই, পণ্ডিচেরি ও কেরলে এই সিনেমার কিছু অংশের শুটিং হয়েছে। সিনেমাটিতে বলিউড অভিনেতা ইরফান খানও অভিনয় করেছেন।
এমকে





