অটোগ্রাফ কিংবা ছবি নয় বলিউড কিং শাহরুখ খানের বাড়িতে গোসল করতে ঢুকেছিলেন তার এক ভক্ত। সম্প্রতি ‘ফ্যান অ্যানথেম’ প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়ে তার ভক্তের এই পাগলামির তথ্য জানিয়েছেন শাহরুখ নিজেই।
তারকাদের সঙ্গে ভক্তরা নানা রকম পাগলামি করে থাকে। আর শাহরুখের পরবর্তী সিনেমা ফ্যান এর কাহিনি একজন তারকা এবং তার ভক্তকে নিয়ে। তাই ‘ফ্যান অ্যানথেম’ প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিকরা শাহরুখকে অনুরোধ করেন জীবনে তার এবং তার ভক্তের কোনো এক মজার ঘটনা বলার জন্য।
শাহরুখ বলেন, ‘এক রাতে এক ব্যক্তি আমার বাড়িতে প্রবেশ করে, এরপর পোশাক খুলে আমার সুইমিং পুলে সাঁতার কাটতে শুরু করে। যখন নিরাপত্তাকর্মীরা তাকে ধরে তার পরিচয় জিজ্ঞাসা করেন তখন তিনি জানান, তিনি কিছু চান না শুধু শাহরুখ যে সুইমিং পুলে গোসল করেন সেখানে গোসল করতে চান।’
তিনি আরো বলেন, ‘আমার কাছে বিষয়টি অনেক মজার লেগেছে। এরপর আমি নিচের তলায় নেমে এসে তাকে জড়িয়ে ধরি। তবে, মজার ব্যাপার তিনি আমার কাছে কোনো অটোগ্রাফ বা ছবি চাননি।’
রাহুল ডোলাকিয়া পরিচালিত ফ্যান সিনেমার প্রচারণার পাশাপাশি রাইস সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত শাহরুখ খান। ফ্যান সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করছেন সুপার মডেল ওয়ালুসচা ডি সুজা। আগামী ১৫ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।
এমই





