বুবুন মায়ের বাধ্য ছেলে। এতটা বড় হয়েছে কিন্তু এখনো প্রত্যেকটা বিষয়ে তার মাকে প্রয়োজন। মাও ছেলের সঙ্গে এমন আচরণ করে যেন বুবুনের বয়স ৭ বছর। সেই বুবুনের বিয়ে হচ্ছে। যার সঙ্গে হচ্ছে সেই নিতু একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছে।

প্রাক্তন প্রেমিককে শায়েস্তা করার জন্য এই বিয়েতে রাজি হয়ে যায় নিতু। বিয়ের পর নিতু নতুন বউ সেজে বাসর ঘরে বসে থাকে, কিন্তু বুবুন আর আসে না। কারণ সে অনেক ভীতু, কোনো মেয়ের সঙ্গেই তার কখনো সখ্য গড়ে উঠেনি। অনেক চেষ্টার পর বুবুন বাসর ঘরে গিয়ে হাজির হয়। স্মার্ট নিতু আর হাবাগোবা বুবুন মুখোমুখি।

এমনই গল্প নিয়ে অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে একক নাটক ‘বুবুনের বাসর রাত’। আর এই নাটকে বুবুনের চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম ও নিতু চরিত্রে অভিনয় করেছেন ভাবনা।

এনটিভিতে শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে নাটকটি। এতে আরও অভিনয় করেছেন— সাবিলা নূর, অ্যালেন শুভ্র, ফারহানা মিঠু, ফারুক আহমেদ প্রমুখ।

এমএম