বেশ কয়েকবার সম্ভাবনা থাকলেও অস্কারের সোনার মূর্তিটি হাতে তোলা হয়ে উঠছিল না হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর। আগের পাঁচবার না পেলেও এবার জিতেছেন প্রথমবারের মতো অস্কার পুরস্কার।

লিওনার্দো বিশ্ব জুড়ে যখন প্রথম অস্কার জয় নিয়ে মাতামাতিতে রয়েছেন তখন অনেক আড়ালে রয়েছেন প্রায় পাঁচ শরও বেশি সিনেমাতে কাজ করা ইতালীয় সুরকার এনিও মরিকোন। ধৈর্য আর সাধনায় ডিক্যাপ্রিওকেও ছাড়িয়ে গেছেন তিনি। এ বছর কুয়েন্টিন টারান্টিনো পরিচালিত দ্য হেটফুল এইট সিনেমার জন্য সেরা ‘অরিজিনাল স্কোর’-এর অস্কার হাতে তুলেছেন ৮৭ বছর বয়সি এ ইতালীয় সুরকার।

যদিও, এর আগে ডেজ অব হেভেন (১৯৭৮), দ্য মিশন (১৯৮৬), দ্য আনটাচেবলস (১৯৮৭), বাগসি (১৯৯১) এবং মালেনা (২০০০) সিনেমাগুলোর জন্য পাঁচবার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন মরিকোন। কিন্তু কোনোবারই শেষ সাফল্য ধরা দেয়নি।

অস্কারের সোনার মূর্তি হাতে এনিও বলেছেন, একটি সুন্দর সিনেমা ছাড়া সুন্দর একটি সাউন্ড ট্র্যাক সৃষ্টি করা সম্ভব হয় না। সিনেমা থেকেই আসে অনুপ্রেরণা। আর এ জন্য কুয়েন্টিন টারান্টিনোকে ধন্যবাদ জানাতে চাই আমাকে বেছে নেওয়ার জন্য।এনিও আরো বলেন, এর সঙ্গে ধন্যবাদ দিতে চাই এ সিনেমার প্রযোজক আর গোটা দলকে।

এছাড়াও তিনি আরও ধন্যবাদ জানান, তার সঙ্গে মনোনয়ন পেয়েও যারা এবার অস্কার জিততে পারেননি তাদেরকে।

উল্লেখ্য যে, ২০০৭ সালে সিনেমার সংগীত আয়োজনের প্রতি অবদানের জন্য অস্কারের ‘আজীবন সম্মাননা’ পেয়েছিলেন তিনি।

এমআইএস।