চলচ্চিত্রের জনপ্রিয় তারকা রিয়াজ ও মৌসুমী এবার টেলিছবিতে জুটি হলেন।‘মেঘের আড়াল’ নামে টেলিছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে।
এর আগে তিনটি চলচ্চিত্র ও মুশফিকুর রহমান গুলজার পরিচালিত একক নাটকেও অভিনয় করেছিলেন তারা। কিন্তু এবারই প্রথম রিয়াজ-মৌসুমী কোনো টেলিছবিতে জুটি হলেন।
সামাজিক বাস্তবতা আর ভালোবাসার টানাপড়েন টেলিছবির গল্প। এর কাহিনী বিন্যাস করেছেন হেলাল। পরিচালনা করেছেন সিনেমাটোগ্রাফার জেডএইচ মিন্টু।
মৌসুমী বলেন, ‘রিয়াজের সঙ্গে কাজ করা সব সময় আনন্দের। অনেক দিন পর তার সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। অন্যদিকে জেডএইচ মিন্টু গুছিয়ে কাজ করতে পছন্দ করেন। একসঙ্গে বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছি আমরা।’
রিয়াজ বলেন, ‘ছোট পর্দায় মৌসুমীকে সহশিল্পী আর মিন্টুকে নির্মাতা হিসেবে পাওয়ায় যতটা বিস্মিত ততটাই আনন্দিত।’
এরই মধ্যে ঢাকার বিভিন্ন স্থানে টেলিছবির দৃশ্যধারণ করা হয়েছে। শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচার হবে বলে নির্মাতা জানান।
এমই





