বলিউড অভিনেতা সালমান খানের বিরুদ্ধে করা গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা মামলার রায় আজ বুধবার হতে যাচ্ছে।
মুম্বাইয়ের স্থানীয় একটি আদালত এ রায় দেবেন। ইতিমধ্যে আদালতের উদ্দেশে রওনা দিয়েছেন সালমান।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডাদেশ হতে পারে সালমানের। এতে আটকে যেতে পারে তাঁর ওপর লগ্নি করা প্রায় ২০০ কোটি রুপির ব্যবসা।
দীর্ঘ ১৩ বছর ধরে চলা এই মামলার সম্ভাব্য রায় নিয়ে সবার মধ্যে এক ধরনের কৌতূহল বিরাজ করছে। আজ সবার নজর থাকবে মুম্বাইয়ের সংশ্লিষ্ট আদালতের দিকে। স্থানীয় সময় বেলা ১১টায় রায় হওয়ার কথা। সালমানের জন্য তাঁর ভক্তরা প্রার্থনা করছেন। আদালতের উদ্দেশে রওনা দেওয়ার আগে সালমানের সঙ্গে দেখা করেছেন আরেক বলিউড তারকা শাহরুখ খান।
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ভোররাতে সালমানের টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ির চাপায় নিহত হন একজন। আহত হন ফুটপাতে ঘুমিয়ে থাকা আরও চারজন।
সালমানের বিরুদ্ধে অভিযোগ, মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়েই এ দুর্ঘটনা। কিন্তু তাঁর দাবি, দুর্ঘটনার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন না।
এক যুগের বেশি সময় পর আজ জানা যাবে, এ ঘটনায় সালমান দোষী কি না।
কেএইচ





