এই সময়ের জনপ্রিয় গানের শিল্পীদের মধ্যে কনকচাঁপা অন্যতম। গানের শিল্পী হিসেবে দেশ-বিদেশে তার অনেক পরিচিতি রয়েছে। তবে কনকচাঁপাকে গানের শিল্পী হিসেবে চিনলেও তিনি যে একজন বড়মাপের চিত্রশিল্পী তা কিন্তু সবার চোখের আড়ালেই থেকে গেছে।
শিল্পী তার নিজের সেই প্রতিভার বিষয়টি সবার সামনে তুলে ধরতে অন্যরকম আয়োজন করেছেন। ছোটবেলা থেকেই অনেক ছবি এঁকেছেন তিনি। নিজের আঁকা ছবি নিয়ে এবার এক প্রদর্শনীর আয়োজন করেছেন তিনি। নাম দিয়েছেন ‘দ্বিধার দোলাচল’।
শুক্রবার বিকেল ৫টায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার চার নম্বর গ্যালারিতে উদ্বোধন হচ্ছে এই চিত্রপ্রদর্শনীর।
এতে শিল্পীর স্কুলজীবন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আঁকা একশ'টিরও বেশি ছবি স্থান পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এ ছাড়াও উপস্থিত থাকবেন চিত্রকর আবদুস শাকুর শাহ, গীতিকবি রফিক-উজ-জামান এবং চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা। প্রদর্শনীটি উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত চিত্রশিল্পী ও পরিচালক খালিদ মাহমুদ মিঠুকে।
জীবনের প্রথম চিত্রপ্রদর্শনী নিয়ে কনকচাঁপা বলেন, ‘শিল্পী হিসেবে আমার জনপ্রিয়তা আব্বা উপভোগ করে গেছেন। কিন্তু একজন লেখক কিংবা চিত্রশিল্পী কনকচাঁপাকে আব্বা দেখতে পারেননি। আব্বার মৃত্যুর পর মা আমার হাতে দেন আব্বার রঙতুলির বাক্সটি। আব্বার প্রতি শ্রদ্ধা রেখেই কিছু ছবি এঁকেছি।’
কনকচাঁপার বাবা আজিজুল হক মোরশেদ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছাত্র ছিলেন।
এমই





