বিয়ের তিন মাস না পেরুতেই সুখবর দিয়েছেন বলিউডের তারকা অভিনেত্রী আলিয়া ভাট। তার মা হওয়ার খবরে সরগরম নেটদুনিয়া। রণবীরপত্নীকে ঘিরে ইতোমধ্যে বেশ কিছু মুখরোচক খবর প্রকাশিত হয়েছে, যা দেখে বেজায় চটেছেন নায়িকা।

গতকাল মঙ্গলবার (২৮ জুন) রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নিউজ পোর্টালের খবর শেয়ার করেছেন আলিয়া। সেখানে লেখা রয়েছে- জুলাইয়ের মাঝামাঝি সময়ে লন্ডন থেকে মুম্বাইয়ে ফিরবেন আলিয়া। তাকে নিতে সেখানে যাবেন রণবীর কাপুর। নায়িকা কাজের পর একটু বিশ্রামে থাকতে চান। সবকিছু সেভাবেই পরিকল্পনা করে রেখেছেন তিনি।

এমন খবরে ক্ষোভ প্রকাশ করে আলিয়া লিখেছেন, ‘আমরা এখনও পুরুষতান্ত্রিক সমাজে বাস করছি। আমি একজন নারী, কোনো পার্সেল নই। কেউ কাউকে নিতে আসবে না। আমার বিশ্রাম নেওয়ার কোনো প্রয়োজন নেই। জেনে ভালো লাগছে, আপনাদের চিকিৎসকের সনদও রয়েছে।’

তিনি আরও লেখেন, ‘এটা ২০২২। দয়া করে কি আমরা এ রকম পুরোনো চিন্তাভাবনা বাদ দিতে পারি? মাফ করবেন যেতে হবে, আমার শট প্রস্তুত।’

এবিএস