চলচ্চিত্র শিল্পে ভারত সরকারের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে বিশেষ জুরি পুরস্কার পাচ্ছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। দাদা সাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন গত ৩০ জানুয়ারি এক চিঠির মাধ্যমে তাকে বিষয়টি জানিয়েছে।

এবারের দাদাসাহেব ফালকে পুরস্কার নির্বাচনের জুরি বোর্ডের অন্য সদস্যরাও এ সম্মাননা পাচ্ছেন। এদিকে বিষয়টি নিজের ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে সবাইকে জানান রুনা লায়লা। এরই মধ্যে ভক্ত ও শুভাকাক্ষিদের অভিনন্দন ও শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি।

এদিকে ১৯৬৯ সালে ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকের জন্মশতবার্ষিকীতে এই পুরস্কার প্রবর্তন করা হয়। পুরস্কার হিসেবে একটি স্বর্ণকমল পদক, একটি শাল এবং ১০ লাখ রূপি প্রদান করা হয় নির্বাচিত বিজয়ীকে।

এবারের বিজয়ীর হাতে পুরস্কার দেওয়া হবে আগামী ৩০ এপ্রিল। এ বিষয়ে রুনা লায়লা গণমাধ্যমকে বলেন, ‘জুরি সদস্য হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছি।

এরই মধ্যে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে আমাকে। এটা বিশেষ জুরি পুরস্কার। অন্যান্য জুরি সদস্যরাও এ পুরস্কার পাচ্ছেন। বাংলাদেশের শিল্পী হিসেবে এরকম সম্মাননা পেতে যাওয়ায় আমি গর্বিত ও আনন্দিত।’

এসএইচ