পাকিস্তানি সংগীতশিল্পী আদনান সামির মতো অনির্দিষ্টকাল ভারতে থাকতে চান বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন।
আদনান সামির সঙ্গে যেমন সমীচীন ব্যবহার করা হয়, ঠিক তেমন আচরণ প্রত্যাশা করেছেন তিনি।
ভারতের দৈনিক দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে তসলিমা এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার পত্রিকাটিতে এ-বিষয়ক খবরটি প্রকাশিত হয়।
তসলিমা দ্য হিন্দুকে জানান, ‘আদনান সামি সংগীতশিল্পী, আমি লেখক। ভারতে স্বীকৃত ভাষা বাংলায় আমি লিখি। তিনি (আদনান সামি) ভারতে থাকতে পছন্দ করেন, আমিও।
তবে কেন এই বৈষম্য? যদি তিনি ভারতে থাকতে পারেন বেঁধে দেওয়া সময়সীমা ছাড়া, তাহলে আমাকে কেন (থাকার জন্য) প্রতিবছর অনুমতি নিতে হবে?’
গত মঙ্গলবার অনির্দিষ্ট সময়ের জন্য ভারতে থাকার অনুমতি পান আদনান সামি। তাঁর পাকিস্তানি পাসপোর্টের মেয়াদকাল শেষ হলেও তা নবায়ন করেনি করাচি কর্তৃপক্ষ। তাই মানবিক কারণে আদনানের দেশে প্রত্যাবাসন ঠেকানোর আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দেয় ভারত সরকার।
উগ্রপন্থীদের হুমকির মুখে ১৯৯৪ সাল থেকে বিদেশে নির্বাসিত জীবন যাপন করছেন তসলিমা নাসরিন।
এসএইচ





