জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। টেলিভিশন, মঞ্চ, চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপন-মিডিয়ায় সব মাধ্যমেই পদার্পণ তার। শহুরে বা গ্রামীণ চরিত্রে সাবলীল অভিনয়ের মধ্য দিয়ে নিজের দক্ষতা প্রকাশ করেছেন দর্শকের মাঝে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘হাওয়া’।
ঈদ উপহার হিসেবে ‘হাওয়া’র প্রথম গান ‘তুমি বন্ধু কালা পাখি’ প্রকাশ্যে এসেছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গানের ভিডিওচিত্র পোস্ট করে চলচ্চিত্রটি মুক্তির তারিখ জানালেন চঞ্চল চৌধুরী। আগামী ২৯ জুলাই মুক্তি পাবে ‘হাওয়া’।
ইমন চৌধুরীর সুরে আরফান মৃধা শিবলুর কণ্ঠে ‘তুমি বন্ধু কালা পাখি’ শিরোনামের গানটি ইতোমধ্যে শ্রোতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। নতুন গানটির কথা ও সংগীতায়োজন করেছেন হাশিম মাহমুদ। গানটির ভিডিওচিত্র দেখে প্রশংসা করছেন নেটিজেনরা।
একজন লিখেছেন, ‘গানটা শুনে অনেকদিন পর মনটা আমার জুড়িয়ে গেলো। কি মধুর কণ্ঠ, কি মধুর বাজনা, মধুর নাচ। সত্যিই অসাধারণ।’
আরেকজন লেখেন, ‘অসাধারণ সৃষ্টি। পরবর্তী ভাইরাল ভিডিও গান। ছোট-বড় সবার মুখে মুখে রটে যাবে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি...। শুভকামনা।’
অন্যজন লিখেছেন, ‘গানটি প্রকাশের পর থেকে শুধু শুনেই যাচ্ছি। ভালোবাসা একটুও কমছে না। সেটা আরও বেশি যখন আপনাকে দেখি। চরিত্রের সঙ্গে কিভাবে মিশে যেতে হয়, সেটা আপনাকে না দেখলে বুঝা যায়না। প্রতিভা তর্ক সৃষ্টি করেনা। ভালো থাকবেন সর্বদা।’
গানটির কারিগরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একজন লেখেন, ‘গানটা আমার কাছে অসাধারণ লেগেছে। যারা এ গান তৈরিতে মেধা খাটিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা।’
মাঝ সমুদ্রে আটকে পড়া গন্তব্যহীন একটি ফিশিং ট্রলারে আটকে পড়া আটজন মাঝি ও এক রহস্যময় বেদেনি তরুণীকে ঘিরে চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়েছে। সেই তরুণীটিকে ঘিরে ধীরে ধীরে বাড়তে থাকে রহস্য। সে কি মানবী নাকি দেবী, এই চিন্তায় পড়েন মাঝিরা!
মেজবাউর রহমান সুমনের পরিচালনায় এতে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন শরিফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডলের মতো শিল্পী। তবে সবাইকে ছাপিয়ে ‘হাওয়া’র রহস্য এগিয়েছে নাজিফা তুষিকে ঘিরে। অবশ্য চমক আছে চঞ্চলের চরিত্রেও।
নির্মাতা জানান, ‘‘মিস্ট্রি ড্রামা ঘরানার ‘হাওয়া’ মূলত একালের রূপকথা। বহুল প্রচলিত এই ফর্মটি সিনেমার পর্দায় নতুন আঙ্গিকে দেখতে পাবেন দর্শক।’’
এবিএস





