অনেকদিন ধরেই বলিউড পাড়ার আলোচনায় রয়েছেন আরবাজ খান এবং মালাইকা আরোরা খান। শোনা যাচ্ছিল তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটছে খুব শিগগিরই। কিন্তু বিষয়টি অস্বীকার করে আসছিলেন এ জুটি। অবশেষে ছাড়াছাড়ির বিষয়টি নিশ্চিত করলেন তারা।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে আরবাজ এবং মালাইকা জানিয়েছেন, ‘আমরা এতদিন বিষয়টি নিয়ে চুপ করে ছিলাম। কিন্তু এটি আমাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং পরিবারের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সকল গুঞ্জনকে দূর করতে আমরা এই বিবৃতি দিচ্ছি। যারা আমাদের বন্ধু এবং ঘনিষ্ঠ সূত্র হয়ে আমাদের পক্ষে বিভিন্ন রকম কথা বলছে তারা ভুল তথ্য দিচ্ছে। তারা এতদিন আমাদের নিয়ে বিভিন্ন কুৎসা রটিয়েছে কিন্তু আমরা এ বিষয়ে চুপ ছিলাম কারণ এটি আমাদের ব্যক্তিগত বিষয়। আমাদের একটি সন্তান রয়েছে এবং এর সঙ্গে আমাদের পরিবার জড়িত। আমরা এ বিষয়ে কোনো কথা বলছি না এর মানে এই নয় যে আমরা কাউকে এ আজেবাজে গুঞ্জন ছড়ানোর অনুমতি দিয়েছি।’
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরো জানানো হয়, এ জুটি ছাড়াছাড়ির সিদ্ধান্ত নিয়েছেন কারণ তারা নিজেদের জীবন সম্পর্কে আরো ভালোভাবে জানতে চান।
মাস কয়েক আগে গুঞ্জন উঠেছিল, মালাইকা একজন ব্যবসায়ীর সঙ্গে ডেট করছেন এবং আরবাজের পরিবার মালাইকার জীবনযাপন ঠিক পছন্দ করছেন না।
এদিকে সম্প্রতি এক প্রতিবেদনে জানা যায়, তাদের সন্তানের দেখভালের দ্বায়িত্ব কার কাছে থাকবে এ সম্পর্কে জানতে মালাইকা একজন ডিভোর্স বিশেষজ্ঞ আইনজীবীর সঙ্গে দেখা করেছেন।
তবে এ জুটি তাদের বিবৃতিতে জানিয়েছেন, তারা কোনো তৃতীয় ব্যক্তির কারণে আলাদা হচ্ছেন না। পাশাপাশি এও জানিয়েছেন, একে অপরের পরিবারকে অনেক শ্রদ্ধা করেন তারা।
এমআইএস।





