জনপ্রিয় দুই অভিনেতা আবুল হায়াত ও শাহেদ শরীফ খান সম্পর্কে জামাই-শ্বশুর। দু’জনে একসঙ্গে বেশকিছু নাটকে অভিনয় করেছেন। আবুল হায়াতের পরিচালনায় কাজ করেছেন শাহেদ। এবার শ্বশুরকে পরিচালনা করার অভিজ্ঞতা হলো তার।
‘সব প্রশ্নের উত্তর নেই’ নামের একটি নাটকে শাহেদের রচনা ও পরিচালনায় প্রথমবার অভিনয় করলেন আবুল হায়াত। তিনি বললেন, চিত্রনাট্যটা পড়ে মুগ্ধ হয়েছি। শাহেদ দারুণ লেখে। আমার তো মনে হয়, ও নিয়মিত লিখলে পারে।
গল্পটা বাবা ও মেয়েকে ঘিরে। বাবা একদিন একটি গল্প বলতে থাকেন মেয়েকে। একটি স্কুলকে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালান একজন শিক্ষক। কিন্তু গ্রামের মাতব্বর সেটাকে গুদামঘর বানানোর ষড়যন্ত্র করেন।
আবুল হায়াতকে নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে শাহেদ বলেছেন, সত্যি বলতে অস্বস্তিতে ভুগেছি। শ্বশুরকে এভাবে-ওভাবে কাজ করতে বলা সহজ নয়। তবে তিনি অকৃত্রিম সহযোগিতা করেছেন। সময়মতো হাজির হয়েছেন সেটে। আসলে তার মতো অভিনেতা হয় না।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ৩০০ ফুট সড়কে নাটকটির দৃশ্যধারণ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন মিথিলা, আহসানুল হক মিনু, টুটুল চৌধুরী, অনন্যা আনা প্রমুখ।
এমআইএস।





