ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খান জামিন পেয়েছেন। বুধবার (২ মার্চ) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী আদালতে এ জামিন মঞ্জুর করেন।
আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তাহসান। শুনানি শেষে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
আদালতে তাহসানের পক্ষে শুনানি করেন ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমানসহ আরও অনেকেই। রাষ্ট্রপক্ষ থেকে এই জামিনের বিরোধিতা করা হয়।
সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক ২০২১ সালের ৪ ডিসেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন।
মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিনকেও আসামি করা হয়। বর্তমানে অন্য একটি মামলায় এমডি মোহাম্মদ রাসেল কারাগারে রয়েছেন।
এর আগে, গত ২০ জানুয়ারি তাহসানের ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন উচ্চ আদালত। একই মামলায় গত ৩ ফেব্রুয়ারি মিথিলা ও ৬ ফেব্রুয়ারি শবনম ফারিয়া স্থায়ী জামিন পান।
এমআই





