আগামী ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মডেল ও চিত্রনায়ক নিরবের সিকুয়াল ‘গেম-২’-এর শুটিং। এর আগে ‘গেম’ ছবিটি যৌথভাবে নির্মিত হলেও এবার অনিক খান এককভাবে ‘গেম-২’ নির্মাণ করছেন। আগেরবারের মতোই নায়ক থাকছেন নিরব। আর নায়িকা হিসেবে আসছেন দুই নবাগতা হেলেন ও লাবণ্য। ‘গেম-২’ ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

গত বছরের শুরুতেই মুক্তি পায় ‘গেম’ ছবিটি। সফলতার পরপরই পরিচালক রয়েল খান সিদ্ধান্ত নেন, ছবিটি সিকুয়াল করার। তবে এই ছবির গল্পের সঙ্গে আগের ছবির কোনো মিল থাকবে না বলে জানিয়েছেন নায়ক নিরব। ছবিতে নিজের চরিত্র নিয়ে নিরব বলেন, ‘অ্যাকশনধর্মী এই ছবিতে আমি একজন পেশাদার খুনি চরিত্রে অভিনয় করব। এরই মধ্যে আমরা ফটোশুট করেছি। প্রমোশনালের জন্য শুটিংও করা হয়েছে। আপনারা দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে কাজটি শেষ করতে পারি।’

আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে চিত্রধারণ করা হবে। ছবির সংগীত পরিচালনা করছেন আরফিন রুমী ও বেলাল খান। এ বছরই মুক্তির কথা রয়েছে ছবিটির। এর আগে গত বছরের ২ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘গেম’ ছবিটি। সেখানে নিরবের বিপরীতে নায়িকা হিসেবে অভিষেক হয়েছিল অমৃতার।

এআই