বলিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শাহরুখ ও সালমান খান। বেশ কিছু মানসিক দ্বন্দ্ব ছিল এই দুই খানের মধ্যে। বিগ বস’র ঘরে যখন শাহরুখ-সালমানকে একসঙ্গে দেখা গিয়েছিল, তখন সবাই ভেবেছিল এবার দুই খানের দ্বন্দ্বের অবসান হলো।
তাদের সেই দ্বন্দ্বের অবসান হয়েছে ঠিকই তবে পেশাগত দিকে থেকে কেউ কাউকে এক চিলতে ছাড় দিতে রাজি নন।পেশাগত এই প্রভাবটি এবার তাদের ব্যক্তিগত জীবনেও পড়ছে।
এ বছর ঈদে মুক্তি পাবে সালমান খানের সুলতান আর শাহরুখ খানের রইস সিনেমাটি। দুটি ছবির প্রযোজনা সংস্থাও বেশ বড়। সুলতান মুক্তি পাবে যশরাজ ব্যানারে।আর রইস প্রযোজনা করছে অ্যাক্সেল এন্টারটেনমেন্ট ও রেড চিলিজ। ঘরের প্রোডাকশন হাউস জড়িয়ে থাকায় শাহরুখের ওপর চাপ বেশি।
কিন্তু বিনা যুদ্ধে সূচ্যগ্র মেদিনী ছেড়ে দেওয়ার পাত্র নন সালমানও। তিনিও চাইছেন সুলতান দেখতে যেন বেশিসংখ্যক দর্শক আসে। এদিকে একই জিনিস চাইছেন শাহরুখও।আর সেই কারণেই নাকি দুজনের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, বাজরাঙ্গি ভাইজান, দিলওয়ালের সময় তারা কাছাকাছি এসেছিলেন, সেই বন্ধুত্বেও নাকি চিড় ধরেছে।
সূত্রের খবরে আরো জানা যায়, কয়েক মাস আগে দুজনের মধ্যে যে সম্পর্ক ছিল, তা নাকি আর নেই। টুইটারে রীতেশ সিধওয়ানি জানিয়েছেন, রইসের মুক্তির দিন পরিবর্তন হবে না। সুলতানেরও যে পরিবর্তন হবে না, তাও নিশ্চিত।
সালমান আগে জানিয়েছিলেন, ভারতে এমন দুটি সিনেমা একসঙ্গে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট সিনেমা হল আছে। কিন্তু বলিউডের বর্তমান পরিস্থিতি খুব একটা আশার বাণী শোনাচ্ছে না।
এমই





