সজল ও মম ছোটপর্দার অভিনেতা সজলের জন্য অভিনেত্রী জাকিয়া বারী মম বেশ বড় ধরনের ‘সেক্রিফাইস’-ই করলেন।আর সেটা এমনই যে এর জন্য নিজের চাকরিটা পর্যন্ত ছেড়ে দিতে হলো তাঁকে।অবশ্য এটা বাস্তবের কোনো ঘটনা নয়, এমনটি ঘটেছে বটে, কিন্তু তা ঘটেছে নাটকে। নাটকটির নামও ‘সেক্রিফাইস’।এটি রচনা করেছেন অনামিকা মণ্ডল আর পরিচালনা করেছেন সালমান বিন আকরাম।
এ মাসের ২১ ও ২২ তারিখে নাটকটির শুটিং হলো উত্তরায়।এ নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক সালমান বললেন, ‘একটা পত্রিকা অফিসের গল্প। একজন পুরোনো বন্ধুকে সহযোগিতা আর সেই বন্ধুর যথারীতি ভুলে যাওয়াকে ঘিরেই এগিয়েছে নাটকটির গল্প। তবে শেষ দিকে আমরা এ দুজনের সফল সমাপ্তি দেখিয়েছি।’
এই দুজন ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন জেনেট হোসাইন, সানি রহমান, তারেক মাহমুদসহ অনেকেই।
নাটকটি প্রসঙ্গে সজল বলেছেন, ‘গল্পটি একটু অন্য রকম।অভিনয় করে ভালো লেগেছে।আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’
এদিকে পরিচালক সালমান জানিয়েছেন, শুটিং শেষে এখন এটি আছে সম্পাদনার টেবিলে। খুব তাড়াতাড়ি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে ‘সেক্রিফাইস’।
এমই





