দীর্ঘ ৪২ মাস সাজাভোগের পর কারাগার থেকে মুক্তি পেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ‘মুন্না ভাই’ খ্যাত সঞ্জয় দত্ত। অবশ্য ভালো আচরণের কারণে আট মাস আগেই ছাড়া পেলেন এ তারকা।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে মুক্ত হন তিনি।
জেল থেকে মুক্ত হয়ে সঞ্জয় জেলের নিরাপত্তার দ্বায়িত্বে থাকা সকলের উদ্দেশ্যে স্যালুট জানান।
এরপর তিনি পুনে বিমানবন্দরে যান। সেখানে সাংবাদিকদের কাছে জেল থেকে মুক্তির পর তার অনুভূতি প্রকাশ করেন এবং শিগগিরই সিনেমায় ফেরার আশাবাদ ব্যক্ত করেন।
১৯৯৩ সালে মুম্বাই সন্ত্রাসী হামলা মামলায় জড়িত থাকার অপরাধে পুনের ইয়েরওয়াড়া জেলে কারাভোগ করছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।
তার বিরুদ্ধে অভিযোগ বিস্ফোরণের সময় তার বাড়িতে অস্ত্র রাখা হয়েছিল। ওই সময় তার বাড়ি থেকে পিস্তল ও একে-৪৭ রাইফেলও পাওয়া যায়। সেই কারণে ২০০৭ সালে সঞ্জয় দত্তকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
সে সময় ১৮ মাস জেল খাটার পর জামিনে মুক্তি পান সঞ্জয়।
পরবর্তীতে ২০১৩ সালে ৫৬ বছরের সঞ্জয় দত্তকে ফের কারাগারে প্রেরণ করা হয়।
সেই থেকে আজ সকাল পর্যন্ত কারাগারেই ছিলেন তিনি। তবে ২০১৩ সাল থেকে ২০১৪ পর্যন্ত ১১৮ দিন প্যারোলে জেলের বাইরে ছিলেন।
প্রিয় তারকার মুক্তি উপলক্ষে ভক্তরা জেল গেটের সামনে সঞ্জয়ের ছবি টাঙিয়ে তাদের ভালোবাসা প্রকাশ করেছেন।
তবে, অপ্রত্যাশিত কোনো ঘটনা যাতে না ঘটে, সেজন্য আগে থেকেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।
সঞ্জয় দত্ত মুম্বাইয়ে ফিরে প্রথমে সিদ্ধিনায়েক মন্দিরে প্রার্থনা করতে যাবেন। তারপর তিনি যাবেন তার মায়ের কবরে শ্রদ্ধা জানাতে।
এসএম/ওএফ





