যৌথ প্রযোজনায় বেশ কিছু চলচ্চিত্র নির্মিত হয়েছে। দুই বাংলার অনেক অভিনয়শিল্পী এ সব সিনেমায় অভিনয় করেছেন।
যৌথ প্রযোজনার সিনেমায় এতদিন দেশ সেরা চিত্রনায়ক শাকিব খানকে দেখা না গেলেও এবার তিনিও অভিনয় করছেন। শুধু ঢালিউড কিং খান-ই নন এ তালিকায় নাম লেখালেন আরিফিন শুভ।
বাংলাদেশের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এবার দুটি চলচ্চিত্র নির্মাণ করছেন। এ দুটি সিনেমার মাধ্যমে আলাদাভাবে দর্শকদের সামনে হাজির হবেন শাকিব-শুভ। জাজের সঙ্গে যৌথভাবে সিনেমা দুটি প্রযোজনা করছেন কলকাতার এসকে মুভিজ।
নাম ঠিক না হওয়া একটি চলচ্চিত্রে অভিনয় করবেন শাকিব। এ সিনেমার মাধ্যমে জাজের ঘরে দ্বিতীয়বারের মতো নাম লেখালেন ঢালিউড কিং খান। এ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে কলকাতার চিত্রনায়িকা শ্রাবন্তীকে।
এর চিত্রনাট্য লিখছেন যৌথভাবে আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে চট্টোপাধ্যয়। সব ঠিক থাকলে আগামী মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে এ সিনেমার দৃশ্যধারণ। তবে এখনো পরিচালক চূড়ান্ত করেননি প্রযোজনা প্রতিষ্ঠান।
এ দিকে ‘প্রেমী ও প্রেমী’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ। গতকাল এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটিও জাজের সঙ্গে যৌথভাবে নির্মাণ করছেন কলকাতার এসকে মুভিজ। ‘প্রেমী ও প্রেমী’র পরিচালনা করছেন জাকির হোসেন।
যৌথ প্রযোজনায় বেশ কিছু চলচ্চিত্র নির্মিত হলেও এ তালিকায় নাম ছিল না দেশ সেরা নায়কের। দেশি নায়িকা ও কলকাতার দ্বিতীয় সারির নায়ক নিয়ে চলচ্চিত্র নির্মিত হলেও এবার ঢালিউডের প্রথম সারির নায়কদের অংশগ্রহণ এবারই প্রথম।
এমই