গায়ক আকবরের শারীরিক অবস্থা ভালো নেই। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। আকবরের মেয়ে অথৈ সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।

আকবরের মেয়ে বলেন, 'গতকাল (৩০ মার্চ) সকাল ৮টায় আব্বুকে ওটিতে নেওয়া হয়। বেশ লম্বা সময় ধরে অস্ত্রোপচার চলে। আলহামদুলিল্লাহ, সফলভাবে আব্বুর অপারেশন সম্পন্ন হয়েছে। বর্তমানে আব্বু আইসিইউতে আছে। সবাই আব্বুর জন্য দোয়া করবেন।'

এর আগে হঠাৎ করেই কিডনির অসুখে আক্রান্ত হন আকবর। দেখা দেয় ডায়াবেটিসও। ছন্দপতন ঘটে জীবনের। অনেক বছর ধরেই দুরবস্থা চলছে। মাঝে কিছুটা ঘুরে দাঁড়ালেও ফের ভাগ্যের পরিহাসে সঙ্কটের মুখোমুখি আকবর।

কিছুদিন আগে আকবরের কয়েকটি ছবি এসেছে প্রকাশ্যে। তাতে দেখা গেছে, ক্র্যাচে ভর দিয়ে হাঁটছেন গায়ক। কারও সহযোগিতা ছাড়া ওঠা-বসা করতেও পারেন না তিনি। পড়ে গিয়ে মেরুদণ্ডে মারাত্মক আঘাত পাওয়ায় তার শরীরে দীর্ঘমেয়াদী ঝুঁকি দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আকবরের চিকিৎসার খরচ আজীবনের জন্য মওকুফ করে দিয়েছেন। এই হাসপাতালেই তার চিকিৎসা চলছে।

এবিএস