শুরু হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘ভালো চলচ্চিত্র, ভালো দর্শক, ভালো সমাজ’- এ স্লোগানে উৎসবের আয়োজন করেছে রেইনবো ফিল্ম সোসাইটি। বাংলাদেশসহ ৬০টি দেশের ১৮০টি চলচ্চিত্র নিয়ে এটি এ উৎসবের চতুর্দশ আসর।

২২ জানুয়ারি পর্যন্ত চলা এ উৎসব অনুষ্ঠিত হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন, সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও আমেরিকান ইএমকে সেন্টারে।

জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় বসে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। শুরুতেই শিল্পীদের কণ্ঠে গীত হয় ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানটি। এর পর একে একে তারা পরিবেশন করেন ‘ফুলে ফুলে ঢলে ঢলে’, ‘মোরা ঝঞ্জার মতো উদ্দাম’, ‘দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা’, ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান’ ও ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’। গানের সঙ্গে ছিল নৃত্য পরিবেশনা।

সঙ্গীতের সুরে শুরু হওয়া আয়োজনে এরপর ছিল আলোচনাপর্ব। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিরীয় চলচ্চিত্রনির্মাতা মোহাম্মদ মালাস ও নরওয়ের চলচ্চিত্রনির্মাতা আনিয়া ব্রেইন। আরও বক্তব্য রাখেন- উৎসব উপদেষ্টা ম হামিদ ও উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। অতিথিরা মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করে উৎসবের উদ্বোধন করেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘এ উৎসব আয়োজনের মধ্য দিয়ে শহরে সৌন্দর্য বেড়েছে। চলচ্চিত্র হচ্ছে একটি শক্তিশালী গণমাধ্যম। এর অনেকগুলো দিক রয়েছে। চলচ্চিত্রের মাধ্যমে মানুষের মাঝে চিন্তার ফোয়ারা তৈরি করে। এ মাধ্যমকে চাইলেই কোনো রাজনীতিবিদ বা চিন্তাবিদ অবহেলা করতে পারেন না। একটি চলচ্চিত্র অনেক জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়। যার ফলে চলচ্চিত্রটি হয়ে উঠে আকর্ষণীয়। সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা তৈরিতে চলচ্চিত্রের বিকল্প নেই। এর জন্য সরকার চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা করেছে।’

উদ্বোধন পর্ব শেষে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় বাংলাদেশের রুবাইয়াত হোসেন নির্মিত ‘আন্ডার কনস্ট্রাকশন’। মধ্যবিত্ত এক নারীর আত্ম-অনুসন্ধানের এ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী, রিকিতা শিমু, শাহানা গোস্বামী ও রাহুল বোস।

এবারের উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে অস্ট্রেলেশিয়া (অস্ট্রেলিয়া ও এশিয়া) প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগ, ট্রিবিউটস, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস বিভাগ, স্পিরিচুয়াল ফিল্মস, উইমেন ফিল্মস ও ইনডিপেনডেন্ট ফিল্মস বিভাগে।

উৎসবের অংশ হিসেবে ‘ষষ্ঠ ঢাকা আন্তর্জাতিক সিনে ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২১ জানুয়ারি। তুর্কি বংশোদ্ভূত নরওয়েজিয়ান চলচ্চিত্রকার নেফিসে ওজকাল লরেন্টজিনের তত্ত্বাবধানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহযোগিতায় এতে বাংলাদেশ ছাড়াও ভুটান, ইরান ও ফিনল্যান্ডের ২৫ নবীন চলচ্চিত্র শিক্ষার্থী, সমালোচক ও সাংবাদিক অংশ নেওয়ার সুযোগ পাবেন। আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে উৎসবে নারীর ভূমিকাবিষয়ক সম্মেলন হবে ১৫ ও ১৬ জানুয়ারি।

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন ভেন্যুর ছবি দেখতে কোনো টিকিট বা পাস লাগবে না। তবে অন্য সব ভেন্যুতে ৫০ টাকার মূল্যের টিকিট সংগ্রহ করতে হবে। তবে শিশু ও শিক্ষার্থীর জন্য বিশেষ সুবিধা রয়েছে। প্রদর্শনীর টিকিট ভেন্যুতে পাওয়া যাবে।

এমএম