বৈষম্যর বিরুদ্ধে প্রতিবাদ জোরালো হচ্ছে হলিউডে। পারিশ্রমিক থেকে শুরু করে লিঙ্গভেদে বৈষম্য চলছেই। এবার বর্ণ বৈষম্য নিয়ে মুখ খুললেন অস্কার জয়ী মেক্সিকান-কেনিয়ান অভিনেত্রী লুপিতা নিয়োংগো।

‘স্টার ওয়ার্স’ ছবির নতুন সিরিজ মুক্তি পাচ্ছে আগামী ২৫ ডিসেম্বর। ছবিটিতে একশো বছর বয়সী এলিয়নের চরিত্রে অভিনয় করছেন লুপিতা।

ছবির প্রচারণায় শিল্পীরা নানা কথা বললেও, লুপিতা এ ছবি নিয়ে বেশ চুপচাপ ছিলেন, প্রচারণার সময় ছবি নিয়ে কথা না বলে তিনি বরং এবার মুখ খুললেন গায়ের রং নিয়ে।

লুপিতা বলেন, ‘গায়ের রং কি এখনো স্টারডমের অন্তরায়? এখনও পর্দায় বা ম্যাগাজিনের পাতায় সাদা চামড়ার শিল্পীদের ভিড় বেশী কেনো? টেলিভিশন হোক, ম্যাগাজিন হোক-যেখানেই চোখ রাখি না কেন, কৃষ্ণাঙ্গদের তেমন দেখাই যায় না।’

লুপিতার মতে, ওয়েস্টার্ন বিউটি কনসেপ্ট গড়ে উঠেছে শ্বেতাঙ্গদের ঘিরে। এসব দৃশ্য দেখে নাকি নিজেকে অদৃশ্য মনে হয় তাঁর।

লুপিতা আরও বলেন, ‘আমরা এমন এক সমাজে বাস করি যেখানে কালো চামড়ার কোনো মূল্য নেই।’

এআই