বলিউড অভিনেতা সালমান খানকে গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা মামলার দোষী সাব্যস্ত করেছেন মুম্বাইয়ের স্থানীয় একটি আদালত।

এক যুগের বেশি সময় পর বুধবার এ মামলার রায় হচ্ছে।

এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডাদেশ হতে পারে সালমানের। এতে আটকে যেতে পারে তাঁর ওপর লগ্নি করা প্রায় ২০০ কোটি রুপির ব্যবসা।

দীর্ঘ ১৩ বছর ধরে চলা এই মামলার রায় ও সম্ভাব্য কারাদণ্ডাদেশ নিয়ে সবার মধ্যে এক ধরনের কৌতূহল বিরাজ করছে। আজ সবার নজর মুম্বাইয়ের সংশ্লিষ্ট আদালতের দিকে।

আদালতের উদ্দেশে রওনা দেওয়ার আগে সালমানের সঙ্গে দেখা করেছেন আরেক বলিউড তারকা শাহরুখ খান। সালমানের জন্য তাঁর ভক্তরা প্রার্থনা করছেন।

২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ভোররাতে সালমানের টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ির চাপায় নিহত হন একজন। আহত হন ফুটপাতে ঘুমিয়ে থাকা আরও চারজন।

সালমানের বিরুদ্ধে অভিযোগ, মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। কিন্তু তাঁর দাবি, দুর্ঘটনার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন না।

কেএইচ