এ বছর একাধিকবার বাংলাদেশে এসেছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা। জীবনমুখী গানের এই গায়ক সে সময় ঢাকা ও চট্টগ্রামে পৃথক অনুষ্ঠানে গান শুনিয়েছেন। আবারও আসছেন তিনি গানের টানে। এবারো মাতাবেন চট্রগ্রাম।

জানাগেছে, আগামী ২৩ ডিসেম্বর চট্টগ্রাম ইঞ্জিনিয়ারস ইনস্টিডিটউটে গান শোনাবেন নচিকেতা। অনুষ্ঠান শুরু হবে বিকেলে। নচিকেতা মঞ্চে উঠবেন সন্ধ্যায়। এই আয়োজনে আরও থাকছেন তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী চৈতী মুৎসুদ্দী। চট্টগ্রামের দর্শকরা টিকিটের বিনিময়ে উপভোগ করতে পারবেন অনুষ্ঠানটি।

রেড ভেলভেটের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘লাইভ নচিকেতা উইথ চৈতী’। অনুষ্ঠান সম্পর্কে প্রতিষ্ঠানটির কর্ণধার রেশমি আক্তার তিশা বলেন, ‘শুদ্ধ সংগীতের শ্রোতাদের ভালো লাগবে অনুষ্ঠানটি। নচিকেতার পরিবেশনা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তারপরও আমরা বৈচিত্র্য রাখছি সবকিছুতে। কখনও একক, কখনও যুগল গানের সুরে শ্রোতারা ভিন্নতা খুঁজে পাবেন বলে মনে করি।’

এমএ