পপ সম্রাজ্ঞী ম্যাডোনা এবার নিজের আত্মজীবনী লিখতে যাচ্ছেন। তিনি ওই বইতে তার বর্ণাঢ্য জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন অধ্যায় তুলে ধরবেন।

চলতি বছরের মাঝামাঝি সময়ে বই লেখার কাজ শুরু করবেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন ম্যাডোনা।

হাফিংটন পোস্টের এক খবরে জানা গেছে, এই সঙ্গীতশিল্পী অসাধারণ গায়কী দিয়ে জয় করে নিয়েছেন অগণিত ভক্তের হৃদয়। গান গাওয়ার পাশাপাশি গান লেখায়ও পারদর্শী তিনি। এমনকি, 'দ্য ইংলিশ রোজেস'-এর মতো জনপ্রিয় শিশুতোষ বই থেকে শুরু করে 'সেক্স' এবং 'নো বডি নোজ মি'সহ ম্যাডোনার লেখা একাধিক বই বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। শুধু তা-ই নয়, বেস্ট সেলিং বইও উপহার দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ম্যাডোনা বলেন, 'আমার জীবনের বিভিন্ন জানা-অজানা ঘটনা এই বইয়ের মাধ্যমে তুলে ধরতে চাই। এক কথায় বলতে গেলে, আত্মজীবনীমূলক এই বইতে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনা লিখব।'

ম্যাডোনা আরো বলেন, 'আমি গল্প বলতে, লিখতে ও পড়তে ভালোবাসি। আমি আমার জীবনে ঘটে যাওয়া সেই গল্পগুলোই মানুষকে বলতে চাই, যা তাদের অনুপ্রাণিত করবে।'

ইআর