আজহারউদ্দিন চরিত্রে ইমরান হাশমি ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে সফল ও একই সঙ্গে সবচেয়ে বিতর্কিত অধিনায়কের নাম আজহারউদ্দিন— এমন কথাই প্রচলিত। সাবেক এই তারকা ক্রিকেটারের জীবন নিয়ে এবার ছবি নির্মাণ করছেন পরিচালক টনি ডিসুজা। এ ছবিতে ‘আজহারউদ্দিন’ চরিত্রে অভিনয় করছেন ইমরান হাশমি।
‘আজহার’ নামের এই বায়োপিকের ট্রেলারটি প্রকাশিত হয়েছে শুক্রবার। দুই মিনিটের এই ট্রেলারে এখানে শুধু আজহারউদ্দিনের ক্রিকেট জীবনই নয় তাঁর ব্যক্তিগত জীবনের প্রেম, ভালোবাসা, গৌরব, বিশ্বাসঘাতকতা এই সব বিষয়েও এখানে তুলে আনা হয়েছে।
প্রথম স্ত্রী নওরিনের সঙ্গে নয় বছরের সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর ভারতীয় এই ক্রিকেটার ঘর বেঁধেছিলেন বলিউডের অভিনেত্রী ও মডেল সংগীতা বিজলানির সঙ্গে। তাঁর সেই বিয়ে টিকেছিল ২০০০ সাল পর্যন্ত। এ ছবিতে প্রাচী দেশাই অভিনয় করছেন আজহারের প্রথম স্ত্রী নওরিন হিসেবে আর নার্গিস ফাখরি অভিনয় করেছেন সঙ্গীতা বিজলানির ভূমিকায়।
ক্রিকেটে অবদানের জন্য ১৯৮৬ সালে ভারতের ‘অর্জুন’ পুরস্কার লাভ করেন আজহারউদ্দিন। ২০০০ সালে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির গুজব উঠে এই তারকা ক্রিকেটারকে ঘিরে। ২০১২ সালের ৯ নভেম্বর তাঁকে ম্যাচ ফিক্সিং এর দায়ে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে তিনি ভারতের কংগ্রেস দল থেকে এমপি নির্বাচিত হন।
এ ছবিতে আজহারের বোন আন্তর্জাতিক ব্যাডমিন্টন খেলোয়াড় জোয়ালা গুট্টার চরিত্রে অভিনয় করবেন হুমা কুরায়েশী। এ ছাড়াও এখানে আরেক সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রীর চরিত্র রাখা হয়েছে। শাস্ত্রীর চরিত্রে দেখা যাবে অভিনেতা গৌতম গুলাটিকে।
একতা কাপুর প্রযোজিত এই ছবিটির মুক্তি পাওয়ার কথা মে মাসের ১৩ তারিখে।
এআইজে





