ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন হ্যারি পটার খ্যাত ব্রিটিশ অভিনেতা অ্যালান রিকম্যান।

গত ১৪ জানুয়ারি, বৃহস্পতিবার ৬৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রিকম্যানের মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার পরিবারের জানিয়েছেন, ‘পরিবার এবং বন্ধুদের পাশে রেখেই মৃত্যুরবরণ করেছেন অ্যালান।’

বিখ্যাত এ অভিনেতার মৃত্যুর খবর শোনার পর তার প্রতি শোক এবং শ্রদ্ধা জানিয়েছেন তার সহকর্মী এবং ভক্তরা।

‘হ্যারি পটার’ লেখিকা জেকে রাউলিং বলেছেন, ‘অ্যালান রিকের মৃত্যু সংবাদ শোনার পর আমি কতটা শোকহত তা বলে বোঝাতে পারব না। তিনি একজন অসাধারণ মানুষ এবং অভিনেতা ছিলেন।’

হ্যারি পটার সিনেমায় ডামব্লেডর চরিত্রে অভিনয় করেছেন মাইকেল গ্যামবন। সহ-অভিনেতার স্মৃতিচারণ করে তিনি বলেছেন, ‘সবাই অ্যালানকে পছন্দ করত। তিনি সব সময় হাসি খুশি থাকতেন। তিনি সৃষ্টিশীল এবং খুবই মজার একজন মানুষ ছিলেন।’

অ্যালান রিকম্যান আশির দশকের মাঝামাঝি বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান। তাকে প্রথমবার খল চরিত্রে দেখা যায় ডাই হার্ড সিনেমায়। খলনায়ক হিসেবে তার শেষ সিনেমা রবিন হুড: প্রিন্স অব থিবস।

রিকম্যানের সবশেষ কাজ টরটোয়েস কুড সেভ অ্যা লাইভ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায়। সিনেমাটিতে কণ্ঠ দিয়েছিলেন তিনি।

গত বছর নভেম্বরে তার লন্ডনের বাড়িতে সিনেমার জন্য তার কণ্ঠ রেকর্ড করা হয়। সিনেমাটি মুক্তি পায় ২০১৫ সালের ডিসেম্বরে মাঝামাঝি সময়ে। ‘সেভ দ্য চিলড্রেন’ এবং ‘রিফুজি কাউন্সিল’ এর সাহায্যের জন্য সিনেমাটি নির্মাণ করা হয়েছে।

অভিনয় জীবনে হলিউডের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার না পেলেও গোল্ডেন গ্লোব, এমি, বাফটাসহ অনেক পুরস্কার জিতেছেন তিনি।

তিনি সবসময় বলতেন, ‘একজন অভিনেতা পরিবর্তনের দূত। একটি সিনেমা, থিয়েটারের একটি বক্তব্য, অথবা একটি বই অনেক পার্থক্য তৈরি করতে পারে। এগুলো পৃথিবীকে পরিবর্তন করতে পারে।’

এমকে