ঢাকাই চলচ্চিত্রে এক সময়ের পরিচিত মুখ চিত্রনায়ক মেহেদী। নব্বই দশকের শেষের দিকে তিনি চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন। তবে তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে অধিকাংশ চলচ্চিত্র ছিল অশ্লীল।

অশ্লীল দৃশ্যে অভিনয়ের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছিল এ অভিনেতাকে। অশ্লীলতা বিরোধী অভিযান শুরু হলে অশ্লীল দৃশ্যের অভিনেতা-অভিনেত্রীরা ছিটকে পড়েন। মেহেদীও সেসময় চলচ্চিত্র থেকে বিদায় নেন, লোকচক্ষুর অন্তরালে চলে যান। এরপরে চলচ্চিত্রের পর্দায় খুব একটা দেখা যায়নি তাকে।

তবে এবার এ অভিনেতাকে আবারো চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে। গত ৩ জানুয়ারি মেহেদী অভিনীত চলচ্চিত্র বুলেট বাবু সেন্সর ছাড়পত্র পেয়েছেন। মইন বিশ্বাস পরিচালিত এ সিনেমাটিতে মেহেদী ছাড়াও অভিনয় করছেন নবাগত চিত্রনায়িকা ইমু, নবাগত চিত্রনায়ক রোহান, ওমর সানি, আলেক জান্ডার বোসহ অনেকে।

সিনেমাটি প্রসঙ্গে মেহেদী বলেন, ‘বুলেট বাবু সিনেমায় আমি খল চরিত্রে অভিনয় করেছি। সিনেমাটি গত ৩ জানুয়ারি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এ বছরই ভালো একটা দিন দেখে সিনেমাটি মুক্তি দেয়া হবে।’

বুলেট বাবু সিনেমায় গান রয়েছে মোট ছয়টি, এর মধ্যে দুটি আইটেম গান। সিনেমাটি ঢাকা, কক্সবাজার, বান্দরবানসহ দেশের বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে।

চিত্রনায়ক মেহেদী অভিনীত সর্বশেষ সিনেমা ডন নাম্বার ওয়ান ২০১২ সালে মুক্তি পায়। বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমায় অভিনয় করেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা সাহারা, মিশা সওদাগর, প্রবীর মিত্র, উজ্জ্বলসহ অনেকে।

চলচ্চিত্রে মেহেদীর আত্মপ্রকাশ শৈশবেই। শিশুশিল্পী হিসেবে তিনি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন। এ সকল সিনেমার মধ্যে ধনদৌলত, হাসু আমার হাসু, অন্যায়, মহান, নিয়ত, চেনামুখ, শরীফ বদমাশ, নান্টু ঘটক, জারকা, তিন বাহাদুর, মর্যাদা, নবাব, অহিংসা, কাবিন, বিধাতা, উনিশ বিশ, দিদার, কসম, বিস্ফোরণ, নাগজ্যোতি ইত্যাদি অন্যতম।

এমএম