আসছে ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে নূসরাত ইমরোজ তিশা অভিনীত নতুন ছবি অস্তিত্ব। ছবির পরিচালক অনন্য মামুন জানান, এরই মধ্যে ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে। এখন সম্পাদনার কাজ চলছে। কয়েক দিনের মধ্যে সেন্সরে যাবে ছবিটি। ফেব্রুয়ারির প্রথম অথবা শেষ সপ্তাহে ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। মামুন জানান, এটি একটি ভালোমানের ছবি হবে। সব ধরনের দর্শক এটি দেখে আনন্দ পাবেন। ছবিটি মুক্তির আগে ব্যাপক প্রচারণা চালানো হবে, যাতে ছবির বিষয়টি সবাই খুব সহজে জানতে পারেন।

ছবিতে তিশা অভিনীত গান ‘আয়না বল না’ ইউটিউবে প্রকাশ হয়েছে বেশ কয়েক দিন আগে। শনিবার পর্যন্ত গানটির দর্শক ছিল লাখের ওপরে। এ গানটি যৌথভাবে লিখেছেন জাহিদ আকবর ও আরিজন কামাল। কণ্ঠ দিয়েছেন নন্দিতা ও তাহসেন। সুর ও সঙ্গীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। গানটির নৃত্য পরিচালনা করেছেন আরিফ রোহান। এর দৃশ্যে তিশার সাথে জুটিবদ্ধ হয়েছেন আরেফিন শুভ। রোমান্টিক ঘরানার এই গানটিতে ভিন্নভাবে তিশাকে উপস্থাপন করা হয়েছে।

অস্তিত্ব ছবিতে শুভ-তিশা ছাড়াও আরো অভিনয় করেছেন নিঝুম রুবিনা, সুচরিতা, সুজাতা, আজিম, কাবিলা প্রমুখ। এ ছবির গল্প লিখেছেন কার্লোস সালেহ। চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে লিখেছেন কার্লোস সালেহ, অনন্য মামুন ও সোমেশ্বর অলি। গত বছরের সেপ্টেম্বরে অস্তিত্ব ছবির শুটিং শুরু হয়েছিল।

এমএম